পুঁজিবাজার প্রতিবেদক দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন অব্যাহত রয়েছে। গত দুই সপ্তাহে মাত্র নয় দফা সমন্বয়েই ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে দাম কমেছে ৩৪ হাজার ৭০০ টাকা। এতে চলতি বছরের সর্বনিম্ন দামে বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতু।

শনিবার (২১ নভেম্বর) রাতে নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম কমে দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। অন্যান্য মানের স্বর্ণের দামও কমানো হয়েছে। নতুন এ দাম রোববার থেকে কার্যকর হওয়ার কথা জানিয়েছে বাজুস।

বাজুসের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালের ৬ অক্টোবর দেশের বাজারে প্রথমবারের মতো ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ লাখ টাকা ছাড়িয়ে যায়। ওই মাসে এক দফা কমে ২৯ অক্টোবর দাম আবার ২ লাখ টাকার নিচে নামলেও পরবর্তী সময়ে স্বর্ণ বিক্রি হয়েছে এই মাইলফলকের ওপরে।

চলতি বছরের ২৯ জানুয়ারি আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে স্বর্ণের দাম বেড়ে প্রতি ভরি ২ লাখ ৮৬ হাজার ১ টাকায় পৌঁছায়। এটিই এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের সর্বোচ্চ দাম। এরপর থেকে দফায় দফায় দাম বাড়া-কমার মধ্য দিয়ে লেনদেন চলছে।

বাজুসের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ দফা দাম বাড়ানো হয়েছে, ৭৬ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।

অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস।