এম.নিজাম উদ্দীন মজুমদার সজিব, বিশেষ প্রতিবেদক।
জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া, অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা নিশ্চিত করা এবং মাঠপর্যায়ে পুলিশের কার্যক্রম আরও বেগবান করতে আজ ২১ নভেম্বর শনিবার ফেনী জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) মোঃ হাবীবুল্লাহ, বিপিএম-সেবা ছাগলনাইয়া থানা, ছাগলনাইয়া সার্কেল অফিস ও গোপাল তদন্ত কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তা ও অফিসার ইনচার্জবৃন্দ পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনারের মাধ্যমে অভ্যর্থনা জানান।
পুলিশ সুপার থানা ও তদন্ত কেন্দ্রের দৈনন্দিন কার্যক্রম, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং অপরাধ নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত অবহিত হন। একই সঙ্গে মামলার তদন্ত কার্যক্রমের অগ্রগতি, থানায় আগত সেবাপ্রার্থীদের সেবা প্রদান এবং দাপ্তরিক কার্যক্রমের স্বচ্ছতা ও শৃঙ্খলা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
তিনি উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, জনগণের আস্থা অর্জনই পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। এ লক্ষ্যে সর্বোচ্চ পেশাদারিত্ব ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন, অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার প্রতি আন্তরিক হওয়ার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়াও তিনি থানা ও তদন্ত কেন্দ্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, হাজতখানা, মালখানা এবং দাপ্তরিক নথিপত্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সংশ্লিষ্ট পরিদর্শন বইয়ে স্বাক্ষরসহ প্রয়োজনীয় নির্দেশনা লিপিবদ্ধ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সাইদুর রহমান,সিনিয়র সহকারি পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল)মোঃ ইমতিয়াজ আহম্মেদ,পিপিএম।



