বিশেষ প্রতিনিধি: (চট্টগ্রাম)
কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক নির্মূলে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ৭২৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) দিনভর চলা এই অভিযানের ফলাফল শনিবার বিকেলে রেঞ্জ কার্যালয় থেকে জানানো হয়।
” উদ্ধার “
অভিযানে ৩২ হাজার ১৬৬ পিস ইয়াবা, ৪৩ কেজি ৫৫৫ গ্রাম গাঁজা, ৩৬০ লিটার চোলাই মদ ও ১৫০ বোতল কোডিনযুক্ত সিরাপ উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি মামলা হয়েছে।
“গ্রেফতার বিবরণ”
গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৫৬ জন, পূর্বের মামলায় ১১৪ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩০ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৫ জন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ২২ জন রয়েছেন। এছাড়া গ্রেফতারি পরোয়ানামূলে ৯৪ জন ও সাজা পরোয়ানামূলে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলায় ৬৭ জন সেবী ও ৩৭ জন ব্যবসায়ীসহ মোট ১০৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে ২৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও মোট ১২ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।
“নিষিদ্ধ সংগঠনের ৮৬ জন গ্রেফতার”
কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য সন্দেহে গ্রেফতার ৮৬ জনের মধ্যে সবচেয়ে বেশি নোয়াখালীতে ২৩ জন। এরপর কুমিল্লায় ২২ জন, চট্টগ্রামে ১০ জন, লক্ষ্মীপুরে ৭ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৬ জন, কক্সবাজার, চাঁদপুর ও খাগড়াছড়িতে ৫ জন করে, ফেনীতে ২ জন এবং রাঙ্গামাটিতে ১ জন।
“কিশোর গ্যাংয়ে সবচেয়ে বেশি কুমিল্লায়”
কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩২০ জনের মধ্যে ১৪৪ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৭৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলাভিত্তিক আটকের মধ্যে কুমিল্লায় সর্বোচ্চ ১৬৬ জন। এছাড়া লক্ষ্মীপুরে ৪১ জন, চট্টগ্রামে ৩৮ জন, কক্সবাজারে ১৯ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১৩ জন, খাগড়াছড়িতে ১১ জন, নোয়াখালীতে ৯ জন, চাঁদপুর ও বান্দরবানে ৭ জন করে, ফেনীতে ৫ জন এবং রাঙ্গামাটিতে ৪ জন।
রেঞ্জ পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।



