পুঁজিবাজার প্রতিবেদক পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে। তবে একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, আলোচিত প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৩৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১ টাকা ২৪ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ইপিএস বেড়েছে ১৫ পয়সা।

অন্যদিকে, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ হয়েছে ১ টাকা ৫৫ পয়সা। আগের বছরের একই সময়ে এ সূচক ছিল ২ টাকা ২ পয়সা।

২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর তারিখে পুনর্মূল্যায়ন উদ্বৃত্তসহ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৯ টাকা ৫৭ পয়সা। পুনর্মূল্যায়ন উদ্বৃত্ত ছাড়া এনএভি হয়েছে ৪৬ টাকা ৩৭ পয়সা।

কোম্পানির তথ্য অনুযায়ী, ব্যবসা সম্প্রসারণ, বিক্রয় রাজস্ব বৃদ্ধি, নতুন বিপণন এলাকা প্রতিষ্ঠা এবং কর-পরবর্তী নিট মুনাফা ও বিলম্বিত কর আয় বাড়ার কারণে শেয়ারপ্রতি আয় বেড়েছে।

তবে কাঁচামাল ক্রয় এবং সরবরাহকারীদের অর্থ পরিশোধের পরিমাণ বেড়ে যাওয়ায় শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ কমেছে বলে জানিয়েছে কোম্পানিটি।

উল্লেখ্য, আলোচিত প্রান্তিকের ইপিএস, এনওসিএফপিএস ও এনএভি হিসাব করা হয়েছে কোম্পানির ১২ কোটি ২৩ লাখ ৯৩ হাজার ৪৫৫টি সাধারণ শেয়ারের ভিত্তিতে।