পুঁজিবাজার প্রতিবেদক দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। এক ধাক্কায় প্রতি ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে নতুন এ দাম ঘোষণা করা হয়। ওইদিন সকাল ১০টা থেকেই নতুন দর কার্যকর হয়েছে। সমন্বিত এ দামেই আজ শনিবার স্বর্ণ বিক্রি হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) টানা সপ্তম দফায় স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সেদিন ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১২ হাজার ১১০ টাকা।

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা।

বাজুস জানিয়েছে, স্বর্ণ ও রুপার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে। ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের নকশা ও মানভেদে নির্ধারিত মজুরি প্রযোজ্য হবে।