নিজস্ব প্রতিবেদক :
নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির দুই নেতা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সাবেক সংসদ সদস্যসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বেন্দারচর ও আশপাশের এলাকায় এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। ওই হত্যাকাণ্ডের প্রতিবাদ ও ক্ষোভের জেরে শুক্রবার বিকেলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (নড়াইল-১) বি এম কবিরুল হক মুক্তি বিশ্বাসসহ দলটির নেতাকর্মীদের বাড়িঘরে হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এ সময় অন্তত ৫০ জন নেতাকর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগও করাহয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
এর আগে গত বুধবার সন্ধ্যার পর কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকায় বিএনপির একটি মোটরসাইকেল শোভাযাত্রায় অতর্কিত হামলার ঘটনা ঘটে। এতে কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শেখ শাহীন ও উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা নিহত হন। এ হত্যাকাণ্ডের জন্য স্থানীয় বিএনপি নেতারা আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে আসছিলেন।
এদিকে শুক্রবার বিকেলে নিহত দুই নেতার কবর জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমসহ স্থানীয় নেতাকর্মীরা।
বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, এসব ঘটনা নিয়ে ছড়িয়ে পড়া সব তথ্য পুরোপুরি সঠিক নয়। বিক্ষুব্ধ জনতা পাঁচ থেকে ছয়টি বাড়িতে আগুন দিয়েছে। অন্য বাড়িগুলোতে ২০২৪ সালেই ভাঙচুরের ঘটনা ঘটেছিল।
এদিকে এসব ঘটনার পর পুরো কালিয়া উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নতুন করে সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।