২৫৬ সেতু নির্মাণ ও ২০ হাজার কিলোমিটার খাল খনন পরিকল্পনায় গুরুত্ব, নদীভাঙন রোধেও নতুন প্রকল্প
নিজস্ব প্রতিবেদক: গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, যোগাযোগব্যবস্থার সম্প্রসারণ, নদীভাঙন রোধ ও পানি ব্যবস্থাপনায় গুরুত্ব দিয়ে ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন থেকে ৩২ হাজার ৮৬৬ কোটি টাকা এবং ঋণ থেকে ৪২৪ কোটি টাকা ব্যয় করা হবে।
বুধবার (১৮ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভা শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী জোনায়েদ সাকী।
তিনি জানান, সভায় মোট ২১টি প্রকল্প উপস্থাপনের কথা থাকলেও আলোচনা ও পর্যালোচনা শেষে ১৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সেতু নির্মাণ ও গ্রামীণ যোগাযোগ অবকাঠামো উন্নয়নের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। এর মধ্যে ২৫৬টি সেতু নির্মাণের একটি প্রকল্প রয়েছে। কয়েকটি সেতু নদীর মধ্যে কোনো পিলার ছাড়াই নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এ ধরনের সেতু নির্মাণে দেশে পর্যাপ্ত অভিজ্ঞতা না থাকায় বিদেশে প্রশিক্ষণের প্রস্তাব উঠলেও প্রধানমন্ত্রী বিদেশি প্রশিক্ষক এনে দেশের অধিকসংখ্যক প্রকৌশলী ও সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রশিক্ষণ দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন।
একনেক সভায় সরকারের ফ্ল্যাগশিপ কর্মসূচি হিসেবে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা বাস্তবায়নেও সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয়ের নেওয়া প্রকল্পের মধ্যে যেন কাজের পুনরাবৃত্তি বা ওভারল্যাপিং না হয়, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এ লক্ষ্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি বরিশাল ও বাবুগঞ্জ এলাকায় নদীভাঙন রোধে আরেকটি প্রকল্প অনুমোদন পেয়েছে।
সংশ্লিষ্টদের মতে, অনুমোদিত প্রকল্পগুলোর বাস্তবায়ন গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কৃষি ও স্থানীয় অর্থনীতির গতিশীলতা বৃদ্ধি এবং পানি ব্যবস্থাপনার সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখতে পারে। তবে এসব প্রকল্পের সুফল পেতে নির্ধারিত সময়ে বাস্তবায়ন, ব্যয় নিয়ন্ত্রণ এবং আন্তমন্ত্রণালয় সমন্বয় নিশ্চিত করা গুরুত্বপূর্ণ হবে।



