মোঃ রাশেদ খান আল আমিন,নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে ঐতিহ্যবাহী শীতলপাটিকে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি অর্জনের সম্ভাবনা, উৎপাদন বৃদ্ধি, বাজারজাতকরণ ও বিপণন কৌশল এবং এ শিল্পের উন্নয়নে করণীয় বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় নলছিটি উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ৪০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুন্ডুর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মমিন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ আলাউদ্দিন, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান হেলাল খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সালেহ মোঃ ইফাদ ইশতিয়াক এবং নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না।
কর্মশালায় নলছিটির শীতলপাটির ঐতিহ্য, স্থানীয় অর্থনীতিতে এর অবদান, কারিগরদের জীবনমান উন্নয়ন এবং দেশ-বিদেশে এ পণ্যের বাজার সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, নলছিটির শীতলপাটির রয়েছে দীর্ঘদিনের ঐতিহ্য ও স্বতন্ত্র বৈশিষ্ট্য। সরকারি পৃষ্ঠপোষকতা, আধুনিক নকশা, উন্নত উৎপাদনব্যবস্থা এবং কার্যকর বিপণন কৌশল গ্রহণের মাধ্যমে এ শিল্পকে আরও সমৃদ্ধ করা সম্ভব।
তারা শীতলপাটির জিআই স্বীকৃতির সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ, পণ্যের গুণগত মান নিশ্চিতকরণ এবং কারিগরদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বক্তারা শীতলপাটির ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্মকে এ পেশায় সম্পৃক্ত করা, কারিগরদের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং দেশীয় ও আন্তর্জাতিক বাজারে পণ্যের চাহিদা বাড়াতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
কর্মশালায় সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, উদ্যোক্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শীতলপাটি কারিগরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।



