ব্রাহ্মণবাড়িয়া সরাইল প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের স্বল্প নোয়াগাঁও ও নতুন হাবলিপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে সরাইল সদর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জব্বার মিয়ার পক্ষ ও সাবেক উপজেলা চেয়ারম্যান শের আলমের পক্ষের লোকজনের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। প্রথমে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও উত্তেজনা সৃষ্টি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
আহতদের কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের সুনির্দিষ্ট পরিচয় ও শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সংঘর্ষের ঘটনায় স্বল্প নোয়াগাঁও ও নতুন হাবলিপাড়া এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। নতুন করে সংঘর্ষ এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।