বিশেষ প্রতিবেদক ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৩ নম্বর চরভাটারা কান্দা ওয়ার্ড বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতের শেষভাগে দুর্বৃত্তরা কার্যালয়ের পেছনের অংশের দেয়াল সিঁদ কেটে ভেতরে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতারা। এ সময় কার্যালয় থেকে গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্রও নিয়ে যাওয়া হয়েছে বলে তাঁদের দাবি।

স্থানীয় বিএনপি নেতাদের ভাষ্য, আনুমানিক ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা কার্যালয়ে প্রবেশ করে অগ্নিসংযোগ করে। পরে সকাল ৬টার দিকে স্থানীয় বাসিন্দা ওলি ডাকুয়া কার্যালয়ে আগুন দেখতে পান। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেন হাওলাদার বলেন, ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে অফিসের আসবাবপত্র পুড়ে গেছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ কাগজপত্রও নিয়ে গেছে তারা।

ধানসিঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন সিকদার বলেন, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে তাঁরা সতর্ক অবস্থানে ছিলেন। ভোররাতে ওয়ার্ড বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান। তাঁর দাবি, এ ঘটনায় কার্যালয়ের আনুমানিক ১০ থেকে ১২ হাজার টাকার ক্ষতি হয়েছে।

বিএনপি নেতাদের অভিযোগ, আগের রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এলাকায় মিছিল করার চেষ্টা করলে তাঁরা বাধা দেন। এর জের ধরেই কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে থাকতে পারে বলে তাঁদের ধারণা। তবে এ অভিযোগের বিষয়ে অন্য পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

খবর পেয়ে সকালে ঝালকাঠি সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।