
পুঁজিবাজার প্রতিবেদক :
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। সবশেষ সমন্বয়ের পর রোববার (২৮ জুন) থেকে নতুন দামে বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতু। একই সঙ্গে রুপার দামও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
শনিবার (২৭ জুন) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড) ও রুপার (পিওর সিলভার) দাম বৃদ্ধির কারণে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। শনিবার সকাল ১০টা থেকেই এ দাম কার্যকর হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা, যা আগের দামের তুলনায় ৫ হাজার ৪৮২ টাকা বেশি। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আগের নীতিমালাই বহাল থাকবে। রুপার অলঙ্কারের ভ্যাট বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে সংগঠনটি।
এর আগে গত ২৫ জুন বাজুস প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করেছিল। সেই সঙ্গে ২১ ক্যারেটের দাম ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।
সবশেষ সমন্বয়ের ফলে চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৮২ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪১ দফা দাম বেড়েছে, ৪০ দফা কমেছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। তখন ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি বিক্রি হচ্ছে ৪ হাজার ৬৬৬ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৫০ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৫ দফা দাম বেড়েছে এবং ২৫ দফা কমেছে। আর ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ১০ বার বেড়েছিল এবং ৩ বার কমেছিল।






