পুঁজিবাজার অনলাইন ডেস্ক।।

দেশের শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ৯টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখা যাবে।

বৃহস্পতিবার (১১ জুন) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।

তিনি বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ক্রেতাদের কেনাকাটার সুবিধার্থে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। তবে ঈদের পর সরকার পুনরায় সন্ধ্যা ৭টার মধ্যে এসব প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশনা দেয়।

নতুন সিদ্ধান্তের ফলে ব্যবসায়ী ও ক্রেতারা উভয়ই অতিরিক্ত দুই ঘণ্টা সময় পাবেন, যা বাণিজ্যিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।