পুঁজিবাজার প্রতিবেদক : টানা চার দফা মূল্য কমানোর পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বৃদ্ধি করে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা।

শনিবার (১৩ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন মূল্য তালিকা একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হবে—

  • ২২ ক্যারেট: ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা
  • ২১ ক্যারেট: ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা
  • ১৮ ক্যারেট: ১ লাখ ৮৪ হাজার ৫৮ টাকা
  • সনাতন পদ্ধতির স্বর্ণ: ১ লাখ ৪৯ হাজার ৮৮২ টাকা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ঊর্ধ্বগতি এবং স্থানীয় বাজারে কাঁচা স্বর্ণের মূল্য বৃদ্ধির প্রভাবেই নতুন এ মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।