দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে, যা ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)

সোমবার (১৩ অক্টোবর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে (১১.৬৬৪ গ্রাম) দাম বেড়েছে ৪ হাজার ৬১৮ টাকা। ফলে এখন এক ভরি স্বর্ণের দাম দাঁড়ালো ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা

এর আগে গত ৯ অক্টোবর স্বর্ণের দাম বাড়িয়ে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৯ হাজার ১০১ টাকা। নতুন দামে আবারও পুরনো রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে দেশের স্বর্ণবাজার।

নতুন দাম অনুযায়ী —

  • ২২ ক্যারেট স্বর্ণের ভরি: ২,১৩,৭১৯ টাকা (বৃদ্ধি ৪,৬১৮ টাকা)
  • ২১ ক্যারেট স্বর্ণের ভরি: ২,০৪,০০৩ টাকা (বৃদ্ধি ৪,৪০৯ টাকা)
  • ১৮ ক্যারেট স্বর্ণের ভরি: ১,৭৪,৮৫৫ টাকা (বৃদ্ধি ৩,৬৭৬ টাকা)
  • সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি: ১,৪৫,৫২০ টাকা (বৃদ্ধি ৩,২১৯ টাকা)

স্বর্ণের দামের এই ধারাবাহিক বৃদ্ধি নিয়ে বাজার বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধির পাশাপাশি ডলারের বিনিময় হার, আমদানি ব্যয় ও মুদ্রাস্ফীতির চাপ এর পেছনে মূল ভূমিকা রাখছে।