দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ঘোষণা করেছে, প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৫০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্যবৃদ্ধি এবং স্থানীয় চাহিদার প্রভাব দেশের বাজারেও পড়েছে।

রবিবার (১৯ অক্টোবর) রাতে বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন দামের ফলে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন দাঁড়াচ্ছে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। নতুন দাম সোমবার থেকে কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে নতুন মূল্য সমন্বয় করা হয়েছে।

তবে স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬,২০৫ টাকা। অন্য ক্যারেট অনুযায়ী দাম:

  • ২১ ক্যারেট: ৫,৯১৪ টাকা
  • ১৮ ক্যারেট: ৫,০৭৪ টাকা
  • সনাতন পদ্ধতি: ৩,৮০২ টাকা

সোনার বাজারদর আজ:

  • ২২ ক্যারেট : ২,১৭,৩৮২ টাকা
  • ২১ ক্যারেট : ২,০৭,৫০৩ টাকা
  • ১৮ ক্যারেট : ১,৭৭,৮৫৩ টাকা
  • সনাতন পদ্ধতি : ১,৪৮,০৭৫ টাকা

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যুক্ত হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।