পুঁজিবাজার প্রতিবেদক :

বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির প্রভাবে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বুধবার (১ এপ্রিল) ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে টানা চারবার মূল্য বাড়ল এই মূল্যবান ধাতুর।

সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের দাম বেড়ে প্রতি ভরি দাঁড়িয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা, যা আগের দিন ছিল ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম বৃদ্ধির কারণে স্থানীয় বাজারেও এ সমন্বয় করা হয়েছে। নতুন দর বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী—

  • ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা
  • ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা
  • সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা

তবে স্বর্ণের দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৭১৫ টাকায় অপরিবর্তিত রয়েছে। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৫০০ টাকায় স্থির রয়েছে।