চলতি মাসের (অক্টোবর) প্রথম ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৯৮ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। অর্থাৎ, প্রতিদিন গড়ে ৮ কোটি ৯৮ লাখ ডলার করে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন।
রবিবার (১২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “অক্টোবরের প্রথম ১১ দিনে দেশে ৯৮ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ৯৫ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ, বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।”
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ১১ অক্টোবর একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৮ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স।
আর চলতি অর্থবছরের জুলাই থেকে ১১ অক্টোবর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৮৫৭ কোটি ৩০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ৪০ শতাংশ বেশি।
বিশ্লেষকদের মতে, হুন্ডি দমন, ব্যাংকিং চ্যানেলে প্রণোদনা বৃদ্ধি ও বৈধ পথে অর্থ পাঠানোর প্রতি আস্থার কারণে রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।









