নিজস্ব সংবাদদাতা | ঢাকা

নৌকা প্রতীক না থাকায় দেশে গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন। তিনি দেশে থাকলে অন্তত একটি গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকত।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও-১ আসনের বেগুনবাড়ি ইউনিয়নের বিডি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী গণসংযোগে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধই বাংলাদেশের অস্তিত্বের ভিত্তি। পাকিস্তানের শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে যুদ্ধ করেই দেশ স্বাধীন হয়েছে। অথচ যারা একাত্তরে পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছিল, আজ তারাই আবার দেশ শাসনের জন্য ভোট চাইছে—যা দেশের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে বলে মন্তব্য করেন তিনি।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে এই দেশে কেউ সংখ্যালঘু নয়। সবাই সমান নাগরিক। ভয়ের কোনো কারণ নেই—বিএনপি সবসময় সংখ্যালঘু, নারী ও সকল নাগরিকের অধিকার রক্ষায় পাশে থাকবে।