বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, বর্তমানে দেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে, সবাই শুধু সংসদ সদস্য (এমপি) হতে চায়, অন্য কোনো জনপ্রতিনিধি পদে আগ্রহ নেই।
তিনি বলেন, “আপনি যদি এমপিদের কাছ থেকে ক্ষমতা নিয়ে নেন, তাহলে কেউ আর এমপি হতে চাইবে না। এখন রাস্তায় বের হলে দেখবেন, শুধু পোস্টার আর ছবি — সবাই বলছে, আমি এমপি হতে চাই। কিন্তু কেউ উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান বা মেম্বার হতে চায় না। সবাই এমপি হতে চায়। এখন প্রশ্ন হলো, এমপিদের হাতে কতটুকু ক্ষমতা থাকবে, সেটাও আমাদের ভেবে দেখা দরকার।”
বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) আয়োজিত ‘প্রস্তাবিত উচ্চকক্ষ কি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের জবাবদিহিতা নিশ্চিত করতে পারবে?’ শীর্ষক জাতীয় সংলাপে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্যদের ক্ষমতার বিষয়ে তিনি আরও বলেন, “গত ১৭ বছর ধরে যারা বিনা ভোটে নির্বাচিত হয়ে সংসদে গেছেন, তারা মনে করেছেন এটা তাদের অধিকার— তারা যা ইচ্ছা তাই করতে পারেন। পার্লামেন্টে এমপিদের কেন গাড়ি আনতে হবে, তারা কেন বিদেশ থেকে গাড়ি পাবে, কিংবা তাদের কথায় কেন স্থানীয় প্রশাসন চলবে— এসব বিষয় নিয়েও ভাবতে হবে।”
সিপিডির ফেলো অধ্যাপক রওনক জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংলাপে আরও উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, কমিউনিস্ট পার্টির রুহিন হোসেন প্রিন্স, নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, এবং নির্বাচন কমিশন সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক আব্দুল আলীম প্রমুখ।









