নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার সময় হাতেনাতে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানা এলাকার মিরপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মিরপুর-১ এলাকায় কর্মরত ট্র্যাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) আলামিন গণমাধ্যমকে জানান, রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানী পরিবহনের বাসটি যাত্রী নামানোর জন্য স্ট্যান্ডে থামে। যাত্রীরা নেমে যাওয়ার পরপরই বাসটিতে আগুন জ্বলে ওঠে। এ সময় বাসে থাকা যাত্রী, চালক ও চালকের সহকারী দ্রুত নিরাপদে নেমে আসেন। ফলে বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, মিরপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা রাজধানী পরিবহনের বাসটিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। পরে পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বাসে অগ্নিসংযোগের ঘটনায় বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।