বিশেষ প্রতিনিধি : (চট্টগ্রাম)
চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় ব্যবসার টাকা নিয়ে বিরোধের জেরে পিতাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে মো. রামিন (২১) কে গ্রেফতার করেছে এসআরবি।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে কক্সবাজার সদর থানার বাংলাবাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসআরবি-৭ ও এসআরবি-১৫ এর একটি যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতার রামিন কক্সবাজার জেলার চকরিয়া থানার মাইজপাড়া গ্রামের মৃত রহিম উল্যাহর ছেলে।
র্যাব জানায়, নিহত রহিম উল্যাহ (৬৩) পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে পতেঙ্গা থানাধীন বিজয়নগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি বিজয়নগর ১৪ নম্বর ঘাট এলাকায় আক্কাসের মার্কেটের সামনে ভ্যানগাড়িতে কাপড় ও অন্যান্য মালামাল বিক্রি করতেন। তার ছেলে রামিন পিতার কাছ থেকে মালামাল নিয়ে বিক্রি করলেও বিক্রির টাকা ঠিকমতো জমা দিতেন না। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে বিরোধ হতো।
গত ১০ নভেম্বর রাত ৮টার দিকে এ নিয়ে পিতা-পুত্রের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রামিন তার পিতাকে মারধর করলে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন। তখন রামিন তার পিতাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরে রাত ১১টার দিকে একই স্থানে ফের তর্কে জড়িয়ে হত্যার উদ্দেশ্যে পিতার মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কিল-ঘুষি মারে। এতে রহিম উল্যাহ গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে পতেঙ্গা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।পতেঙ্গা থানার মামলা নং-০৯, তারিখ- ১১/১১/২০২৬, ধারা- ৩০২ পেনাল কোড।
মামলার পর থেকেই আসামি পলাতক ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।



