বিশেষ প্রতিনিধি: (চট্টগ্রাম)
চট্টগ্রামের রাউজানে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে গুরুতর জখমের ঘটনায় সাব্বির হাসান নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতার সাব্বির হাসানের বিরুদ্ধে চাঁদাবাজি, অগ্নিসংযোগ, মাদক ও বিস্ফোরকসহ ৬টি মামলা রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম মো. সাইফুদ্দিন মুরাদের চাচা টিবলুর কাছ থেকে ৪ শতক জমি ক্রয় করে সেখানে ঘর নির্মাণ করতে গেলে মুরাদের পরিবারের সঙ্গে সাব্বিরের বিরোধ সৃষ্টি হয়। এছাড়া বিগত সরকারের আমলে ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে সাব্বিরের কিছু ছবি মুরাদের ভাই মানিকের কাছে ছিল। সেই ছবি ব্যবহার করে মানিক সামাজিক যোগাযোগমাধ্যমে সাব্বিরকে ‘ফ্যাসিস্ট’ আখ্যায়িত করে প্রচারণা চালিয়ে আসছিল।
গত ১৪ নভেম্বর সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাউজান থানার নোয়াপাড়া ইউনিয়নের আমিন মার্কেটের মা স্টোর নামের দোকানের ভেতর এ নিয়ে সাব্বির ও মানিকের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে মানিক পালিয়ে গেলে সাব্বির তার ভাই ব্যবসায়ী সাইফুদ্দিন মুরাদকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে শনিবার (১৫ নভেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে রাউজান থানার এসআই (নিরস্ত্র) মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল পূর্ব গুজরা ইউনিয়নের মন্ডলের ঘাটা এলাকায় অভিযান চালিয়ে সাব্বিরকে গ্রেফতার করে। এ সময় তার দেহ তল্লাশি করে ১টি দেশীয় তৈরি এলজি, ১টি রিভলবার ও ২টি কার্তুজ জব্দ করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১২টা ২৫ মিনিটে নোয়াপাড়া ইউনিয়নের পটিয়াপাড়া এলাকায় তার বসতবাড়ির রান্নাঘরের সানসেটের ওপর রাখা একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে আরও ১টি এলজি, ৫টি কার্তুজ, ২টি চাপাতি, ৪টি বড় ছোরা, ২টি ছোট ছোরা ও ২টি টিপ চাকু উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধারকৃত টিপ চাকুর একটি দিয়েই ভিকটিমকে আঘাত করা হয়েছিল।
উদ্ধারকৃত অস্ত্র: দেশীয় তৈরি এলজি ২টি, রিভলবার ১টি, কার্তুজ ৭টি, চাপাতি ২টি, বড় ছোরা ৪টি, ছোট ছোরা ২টি ও টিপ চাকু ২টি।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. রাসেল জানান,অভিযুক্তের বিরুদ্ধে রাউজান থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।



