স্টাফ রিপোর্টার মানহানির এক মামলায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজা। সোমবার বিচারপতি জাহিদ সারওয়ার কাজলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে তার আবেদনের ওপর শুনানি হতে পারে।
মামলার সূত্রে জানা গেছে, গত ২১ এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্যের অভিযোগে দায়ের করা মামলায় আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন।
এর আগে তাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হলেও নির্ধারিত তারিখে উপস্থিত না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
গত ২ এপ্রিল সিরাজগঞ্জ জেলা দায়রা ও জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, সিরাজগঞ্জের কৃতী সন্তান ইকবাল হাসান মাহমুদকে ‘নাস্তিক’ আখ্যা দিয়ে মানহানিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন আমির হামজা। পাশাপাশি ইসলাম ধর্ম সম্পর্কেও অবমাননাকর বক্তব্য দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় দণ্ডবিধির ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়।
উল্লেখ্য, গত ২৬ মার্চ ইকবাল হাসান মাহমুদ মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে একটি বক্তব্য দেন। পরবর্তীতে সেই বক্তব্যকে কেন্দ্র করে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার খুতবার আগে আলোচনায় তাকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করেন আমির হামজা।









