১০ মাসে ৭ হাজার ৮৩৬ মামলা নিষ্পত্তি, ক্ষতিপূরণ ও পাওনা আদায় প্রায় ১৪ কোটি টাকা।
ময়মনসিংহ প্রতিনিধি :
বিরোধ নিষ্পত্তিতে আবারও সারা দেশের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে ময়মনসিংহ জেলা লিগ্যাল এইড অফিস। সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের আওতায় ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মাত্র ১০ মাসে মোট ৭ হাজার ৮৩৬টি মামলা ও বিরোধ নিষ্পত্তি করেছে প্রতিষ্ঠানটি। একই সময়ে বিরোধের পক্ষগণের অনুকূলে ক্ষতিপূরণ ও পাওনা বাবদ আদায় করে দেওয়া হয়েছে ১৩ কোটি ৬৯ লাখ ৬২ হাজার ৩১০ টাকা, যা প্রায় ১৪ কোটি টাকার কাছাকাছি।
জেলা লিগ্যাল এইড অফিসের এ অর্জন সরকারি আইনগত সহায়তা কার্যক্রমে এক উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে অসচ্ছল, দরিদ্র ও অসহায় বিচারপ্রার্থীদের বিনা খরচে বা সরকারি সহায়তায় আইনি সেবা প্রদান, বিরোধ নিষ্পত্তি এবং ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
সংশ্লিষ্টদের মতে, প্রচলিত বিচারিক প্রক্রিয়ার পাশাপাশি বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতির কার্যকর প্রয়োগ এ সাফল্যের অন্যতম কারণ। এর মাধ্যমে স্বল্প সময়ে বিপুলসংখ্যক বিরোধের সমাধান সম্ভব হচ্ছে। ফলে বিচারপ্রার্থীদের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি দীর্ঘসূত্রতা ও ভোগান্তি কমছে। একই সঙ্গে আদালতের ওপর মামলার চাপ কমাতেও এ কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখছে।
মাত্র ১০ মাসে ৭ হাজার ৮৩৬টি মামলা ও বিরোধ নিষ্পত্তি এবং ১৩ কোটি ৬৯ লাখ টাকার বেশি ক্ষতিপূরণ ও পাওনা আদায় করে দেওয়ার এই অর্জন ময়মনসিংহ জেলা লিগ্যাল এইড অফিসের কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে।
বিরোধ নিষ্পত্তিতে দেশজুড়ে শীর্ষস্থান ধরে রাখার এ সাফল্য শুধু ময়মনসিংহ জেলার জন্যই নয়, বরং দেশের অন্যান্য জেলা লিগ্যাল এইড অফিসের জন্যও একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে।



