​

​জেলা প্রতিনিধি ,চাঁপাইনবাবগঞ্জ :

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। অভিযানে ফেনসিডিলের বিকল্প ৩৪ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘Win Cerex Cough’ সিরাপসহ মো. মিঠুন (৩৩) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
​আজ ১২ নভেম্বর ২০২৬ তারিখ ভোররাতে এই অভিযান পরিচালিত হয়।
​বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের অধীন চাঁনশিকারী বিওপি থেকে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯৮/৪-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট থানাধীন ভোলাহাট ইউনিয়নের হোসেনভিটা গ্রামের পাকা রাস্তায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে নেশাজাতীয় সিরাপগুলো উদ্ধার করা হয়।
​আটক মো. মিঠুন চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার চামুচা গ্রামের মো. মনজুর রহমানের ছেলে।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল কাজী আল-আমিন অপু বলেন, “দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় মাদক ও সব ধরনের চোরাচালান রোধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
​উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।