খুলনা প্রতিনিধি :

​রাজনৈতিক পটপরিবর্তনের পর একটি সুন্দর ও শান্তিময় পরিবেশের প্রত্যাশা করেছিল খুলনার সাধারণ মানুষ। কিন্তু বাস্তবে সেই প্রত্যাশার সঙ্গে মিলছে না কোনো কিছু।

খুলনায় অপরাধের বিস্তার এখন এক প্রকার মহামারিতে রূপ নিয়েছে। খুন, চাঁদাবাজি, অস্ত্রবাজি, দখল বাণিজ্য, মাদক কারবার এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুলনাঞ্চলজুড়ে একের পর এক সহিংস ঘটনা ঘটছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন চরম অবনতিতে জনমনে তীব্র আতঙ্ক বিরাজ করছে, অথচ অপরাধের এই লাগাম টেনে ধরার মতো কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না রাজনৈতিক নেতৃত্ব কিংবা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।

​নতুন অপরাধী চক্রের উত্থান ও সাধারণ মানুষের অসহায়ত্ব
​বিভিন্ন এলাকা ঘুরে ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে নতুন নতুন অপরাধী চক্রের উত্থান ঘটেছে। এদের প্রধান লক্ষ্য বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে চাঁদা আদায় করা, আধিপত্য বিস্তার করা এবং নিজেদের শক্তির জানান দেওয়া। দিনের আলোকেও প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে সন্ত্রাসীরা।

​ব্যবসায়ীদের ক্ষোভ প্রকাশ করে বলতে শোনা যায়, “পুলিশকে জানিয়েও কোনো লাভ হয় না।” অনেক ক্ষেত্রে অভিযোগ করার পরও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আশাসরূপ সহযোগিতা পাওয়া যায় না বলে অভিযোগ করেন তারা। অন্যদিকে, এসব অপরাধের পেছনে রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের নিষ্ক্রিয়তা বা যোগসাজশ রয়েছে বলে অভিযোগ রয়েছে।

পরিস্থিতি সামাল দিতে রাজনৈতিক নেতারা একে অপরকে কিংবা পুলিশকে দুষলেও পুলিশ সাফ জানিয়ে দিচ্ছে যে, কেবল পুলিশ দিয়ে সন্ত্রাস দমন সম্ভব নয়; এর জন্য সন্ত্রাসীদের সামাজিকভাবেও প্রতিহত করতে হবে।

​কেসিসি প্রশাসকের উদ্বেগ ও অপরাধের ভয়াবহ চিত্র
​খুলনার সামগ্রিক এই বেহাল দশা নিয়ে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু অত্যন্ত কড়া ভাষায় মন্তব্য করেছেন। তিনি বলেছেন, “খুলনা এখন অপরাধীদের অভয়াশ্রম; এখান থেকে বের করতে না পারলে এই শহর বাসযোগ্য হয়ে পড়বে।” তাঁর এই মন্তব্যে পরিষ্কার ফুটে ওঠেছে যে, বন্দরনগরী খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি আজ কতটা বিপর্যয়ের মুখে পতিত হয়েছে।

​অপরাধীদের এই অবাধ বিচরণের কারণে আধিপত্য বিস্তার, মাদক কারবারের নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, পূর্বশত্রুতা এবং অপরাধী গ্রুপগুলোর মধ্যকার দ্বন্দ্বে প্রতিনিয়ত প্রাণহানির ঘটনা ঘটছে।

অনেক ঘটনায় অপরাধীদের নাম ও পরিচয় প্রকাশ পেলেও দ্রুত তাদের আইনের আওতায় আনার ক্ষেত্রে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায় না।

​১০ মাসে ৭৫ খুন ও কেএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী
​পুলিশ প্রশাসনের নিজস্ব তথ্য অনুযায়ীই খুলনার অপরাধ চিত্রের ভয়াবহতা স্পষ্ট হয়ে ওঠে। চলতি বছরের গত ১০ মাসেই খুলনা মহানগরী ও জেলায় মোট ৭৫টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এসব ঘটনায় থানায় মোট ৭৩টি মামলা রুজু হয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এই ৭৫টি খুনের মধ্যে কেবল গুলিতেই প্রাণ হারিয়েছেন ২৫ জন মানুষ। যা থেকে স্পষ্ট বোঝা যায় যে, অপরাধীদের কাছে এখন সহজেই অস্ত্র পৌঁছাচ্ছে এবং তারা তা অবাধে ব্যবহার করছে।

​এদিকে, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) হালনাগাদ তথ্যভাণ্ডার সূত্রে জানা যায়, বর্তমান মহানগরী এলাকায় ১৮১ জন শীর্ষ সন্ত্রাসী, ৫৮৪ জন মাদক বিক্রেতা এবং ৬৯ জন চিহ্নিত চাঁদাবাজ রয়েছে। কেএমপির বিভিন্ন থানার মধ্যে লবণচরা, খালিশপুর, দৌলতপুর ও সদর এলাকায় এই সন্ত্রাসীদের উপস্থিতি ও তৎপরতা তুলনামূলকভাবে সবচেয়ে বেশি। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নির্দিষ্ট অপরাধীদের নাম, তালিকা ও সুনির্দিষ্ট তথ্য থাকার পরও কেন তাদের তৎপরতা বন্ধ করা যাচ্ছে না—তা নিয়ে এখন জোর আলোচনা চলছে। তালিকাভুক্ত অপরাধীরা বহাল তবিয়তে ঘুরে বেড়ালেও পুলিশ কেন তাদের গ্রেফতারে ব্যর্থ হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলছেন সচেতন নাগরিক সমাজ।

​খুলনাজুড়ে কেন এই লাগাতার সন্ত্রাসী কার্যক্রম ও অপরাধের বিস্তার ঘটছে, তার মূলে রয়েছে বহুমুখী কারণ। রাজনৈতিক ক্ষমতার পালাবদলে অপরাধীরা দল বদল করে বা নতুন ছদ্মবেশে পুনরায় অপরাধজগৎ নিয়ন্ত্রণ শুরু করে। এছাড়া চাঁদাবাজির টাকা ভাগবাটোয়ারা এবং এলাকাভিত্তিক আধিপত্য বজায় রাখার লড়াইয়ে প্রায়ই রক্তক্ষয়ী সংঘর্ষের সৃষ্টি হয়। মাদক কারবারিরা তাদের নিরাপদ রুট সচল রাখতে পেশিশক্তির ব্যবহার বাড়িয়েছে।

​বিশেষজ্ঞ ও সচেতন মহলের মতে, খুলনার এই নাজুক পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে কঠোর হাতে অপরাধ দমন করতে হবে। কেবল তালিকা তৈরি করে বসে থাকলেই চলবে না, তালিকাভুক্ত প্রতিটি সন্ত্রাসী ও চাঁদাবাজকে দ্রুত গ্রেফতার করে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। একইসঙ্গে পুলিশ প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে সদিচ্ছা নিয়ে একযোগে কাজ করতে হবে, অন্যথায় খুলনার ঐতিহ্য ও নিরাপত্তা চিরতরে বিনষ্ট হয়ে যাবে।