নিজস্ব প্রতিবেদক :
জ্বর, মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা কিংবা শরীরে লালচে দাগ—ডেঙ্গুর এসব উপসর্গ দেখা দিলে অবহেলা নয়। সঠিক সময়ে চিকিৎসা, পর্যাপ্ত পানি পান ও পুষ্টিকর খাবার গ্রহণে রোগীর সুস্থতা নিশ্চিত করতে প্রয়োজন সচেতনতা।
ডেঙ্গু জ্বর নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ দিন দিন বাড়ছে। এই রোগে আক্রান্ত হয়ে অনেকে অসুস্থ হচ্ছেন, হাসপাতালে ভর্তি হচ্ছেন; এমনকি মৃত্যুর ঘটনাও ঘটছে। এ কারণে ডেঙ্গুর প্রাথমিক লক্ষণ চেনা এবং আক্রান্ত হলে কী ধরনের সতর্কতা ও চিকিৎসা প্রয়োজন, তা জানা জরুরি।

বিশেষ করে জ্বরের সঙ্গে শরীরব্যথা, মাথাব্যথা কিংবা চোখের পেছনে ব্যথার মতো উপসর্গ দেখা দিলে সতর্ক হতে হবে। তবে এসব লক্ষণ থাকলেই যে ডেঙ্গু হয়েছে, তা নিশ্চিত নয়। আবার সব লক্ষণ প্রকাশ না পেলেও কেউ ডেঙ্গুতে আক্রান্ত হতে পারেন।
ডেঙ্গু জ্বরের প্রাথমিক লক্ষণ কী?
ডেঙ্গুর অন্যতম প্রধান লক্ষণ হলো জ্বর। আক্রান্ত ব্যক্তির শরীরের তাপমাত্রা সাধারণত ১০১ থেকে ১০২ ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি হতে পারে। জ্বর একটানা থাকতে পারে, আবার ঘাম দিয়ে জ্বর কমে যাওয়ার পর পুনরায় দেখা দিতে পারে।
এ ছাড়া ডেঙ্গু আক্রান্ত ব্যক্তির মধ্যে যেসব লক্ষণ দেখা দিতে পারে—
১.শরীর ও মাংসপেশিতে ব্যথা।
২.তীব্র মাথাব্যথা।
৩.চোখের পেছনে ব্যথা।
৪.শরীরে লালচে দাগ বা র‍্যাশ।
৫.অতিরিক্ত দুর্বলতা ও ক্লান্তি।
৬.বমি বমি ভাব কিংবা বমি।
তবে ডেঙ্গু শনাক্ত করতে শুধু উপসর্গের ওপর নির্ভর করা ঠিক নয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা করাতে হবে।
ডেঙ্গু রোগীর জন্য যেসব খাবার উপকারী
ডেঙ্গু আক্রান্ত হলে শরীর দুর্বল হয়ে পড়ে। এ সময় রোগীর পুষ্টি ও পানির চাহিদা পূরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহজপাচ্য ও পুষ্টিকর খাবার রোগীর স্বাভাবিক শক্তি ফিরে পেতে সহায়তা করে।
১. প্রোটিন ও আয়রনসমৃদ্ধ খাবার:-
ডেঙ্গু রোগীর খাদ্যতালিকায় মাছ, মুরগির মাংস, চর্বিহীন লাল মাংস, ডিম, দুধ ও দুগ্ধজাত খাবার রাখা যেতে পারে। এসব খাবার শরীরের প্রয়োজনীয় প্রোটিন সরবরাহ করে এবং সুস্থ হয়ে উঠতে সহায়তা করে। ডেঙ্গু রোগীর খাদ্যতালিকায় মাছ, মুরগির মাংস, চর্বিহীন লাল মাংস, ডিম, দুধ ও দুগ্ধজাত খাবার রাখা যেতে পারে। এসব খাবার শরীরের প্রয়োজনীয় প্রোটিন সরবরাহ করে এবং সুস্থ হয়ে উঠতে সহায়তা করে।


২. আয়রনসমৃদ্ধ খাবার:-
শরীরে আয়রনের ঘাটতি পূরণে পালংশাক, কচুশাক, কলিজা, সামুদ্রিক মাছ, মিষ্টিকুমড়া, ডালিম, মটরশুঁটি, ছোলা ও মসুর ডাল খাওয়া যেতে পারে। এসব খাবার শরীরের পুষ্টির চাহিদা পূরণে ভূমিকা রাখে। তবে আয়রনসমৃদ্ধ খাবার খেলেই রক্তে প্লাটিলেটের সংখ্যা দ্রুত বেড়ে যায়—এমন বৈজ্ঞানিক প্রমাণ নেই।


৩. ভিটামিন কে সমৃদ্ধ খাবার:-
সবুজ শাকসবজি, বাঁধাকপি ও ব্রকলিতে ভিটামিন কে রয়েছে। এসব খাবারে প্রয়োজনীয় ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টও পাওয়া যায়। তাই রোগীর সহনশীলতা অনুযায়ী খাদ্যতালিকায় এগুলো রাখা যেতে পারে।
৪ . ভিটামিন বি-১২ ও ভিটামিন সি সমৃদ্ধ খাবার
ডিম, দুধ, মাখন, পনির ও কম চর্বিযুক্ত দই ভিটামিন বি-১২-এর উৎস। অন্যদিকে ভিটামিন সি শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থাকে স্বাভাবিক রাখতে এবং কোলাজেন তৈরিতে সহায়তা করে।
কমলা, মাল্টা, পেয়ারা, আমড়া, পেঁপে, আম, আনারস, আঙুর ও জামসহ বিভিন্ন ফলে ভিটামিন সি পাওয়া যায়। রোগীর রুচি ও শারীরিক অবস্থা বিবেচনায় এসব ফল খাওয়ানো যেতে পারে।


৫. পর্যাপ্ত পানি ও তরল খাবার:-
ডেঙ্গু আক্রান্ত ব্যক্তির শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে। তাই পর্যাপ্ত তরল গ্রহণ অত্যন্ত জরুরি। পানি, ডাবের পানি, স্যুপ, নরম জাউভাত, খিচুড়ি ও ফলের রস দেওয়া যেতে পারে।

প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওরাল রিহাইড্রেশন সলিউশন (ওআরএস) দেওয়া যেতে পারে। প্রতিদিন কতটুকু তরল প্রয়োজন, তা রোগীর বয়স, শারীরিক অবস্থা ও অন্যান্য রোগের ওপর নির্ভর করে।
ডেঙ্গু রোগীর যেসব খাবার এড়িয়ে চলা উচিত
ডেঙ্গু আক্রান্ত অবস্থায় অতিরিক্ত তেল-মসলাযুক্ত, ভাজাপোড়া ও অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলা ভালো। বিশেষ করে যেসব খাবার হজমে সমস্যা তৈরি করে, সেগুলো না খাওয়াই ভালো।
এ ছাড়া অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার, বেশি চিনি দেওয়া পানীয় এবং অতিরিক্ত চা-কফি পরিহার করা উচিত। রোগীর বমি বা পেটের সমস্যা থাকলে খাবার নির্বাচনে বিশেষ সতর্কতা প্রয়োজন।
ডেঙ্গুতে বিপদের সংকেত, কখন হাসপাতালে যাবেন?

ডেঙ্গুতে জ্বর কমে গেলেই রোগী বিপদমুক্ত হয়েছেন, এমন ধারণা করা ঠিক নয়। অনেক ক্ষেত্রে জ্বর কমার সময় বা পরবর্তী সময়ে রোগীর অবস্থা গুরুতর হতে পারে।
নিচের লক্ষণগুলো দেখা দিলে দ্রুত হাসপাতালে নিতে হবে—
তীব্র পেটব্যথা।
১. বারবার বমি হওয়া।
২.নাক বা মাড়ি দিয়ে রক্ত পড়া।
৩.বমি কিংবা পায়খানার সঙ্গে রক্ত যাওয়া।
৪.অতিরিক্ত দুর্বলতা, অস্থিরতা বা ঝিমুনি।
৫.শ্বাসকষ্ট।
৬ হাত-পা ঠান্ডা হয়ে যাওয়া।


সতর্কতা: ডেঙ্গু হলে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করা উচিত নয়। বিশেষ করে অ্যাসপিরিন, আইবুপ্রোফেন বা অন্যান্য এনএসএআইডি জাতীয় ব্যথানাশক ওষুধ রক্তক্ষরণের ঝুঁকি বাড়াতে পারে। জ্বর কমাতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল গ্রহণ করতে হবে।সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ করা এবং মশার কামড় থেকে নিজেকে সুরক্ষিত রাখা। সচেতনতা, সময়মতো চিকিৎসা ও সঠিক পরিচর্যাই ডেঙ্গুর জটিলতা এড়াতে সহায়ক হতে পারে।