বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় গেলে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অন্তত ৫ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করা হবে বলে জানিয়েছেন দলের ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ

শনিবার (১১ অক্টোবর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন,
শিক্ষা ও গবেষণা নিয়ে বিএনপির আলাদা চিন্তাভাবনা আছে। আমাদের ৩১ দফার ২৫ নম্বরেই শিক্ষাব্যবস্থার সংস্কারের কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। জনগণের ভোটে সরকার গঠন করলে আমরা জিডিপির ন্যূনতম ৫ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করব।

শিক্ষাব্যবস্থার সমালোচনা

বর্তমান শিক্ষাব্যবস্থার তীব্র সমালোচনা করে শামা ওবায়েদ বলেন, “ছোটবেলায় আমরা শিখতাম—‘শিক্ষাই জাতির মেরুদণ্ড’। এখন মনে হচ্ছে, জাতির মেরুদণ্ড হয় নেই, নয়তো ভেঙে যাচ্ছে। শিক্ষার সবচেয়ে বড় গলদ হলো—আমরা সন্তানদের নিজেদের পছন্দমতো বিষয়ে পড়তে দিই না। দ্বিতীয়ত, শিক্ষাকে ব্যবসায় পরিণত করা হয়েছে।”

তিনি আরও বলেন, “গত ১৭ বছরে প্রায় প্রতিটি জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। গোপালগঞ্জে ইউরোপীয় ধাঁচে বিশাল ভবন নির্মাণ করা হয়েছে—কত কোটি টাকা খরচ হয়েছে তা অজানা, তবে চুরি হয়েছে প্রচুর। এসব অবকাঠামো শিক্ষার জন্য নয়, দুর্নীতির সুযোগ তৈরি করতেই করা হয়েছে।”

বিজ্ঞানচর্চা ও তরুণদের ভূমিকা

বিজ্ঞান শিক্ষার নীতি ও বাস্তবতা: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সোশিও কালচারাল ফোরাম (বিএসসিএফ)। তিন দিনব্যাপী আয়োজিত অ্যাস্ট্রোনমি ক্যাম্পের অংশ হিসেবে রাজশাহী ও বগুড়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী এতে অংশ নেয়।

সভায় আরও উপস্থিত ছিলেন—এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, তরুণ নারীনেত্রী উমামা ফাতেমা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক রায়হানা শামস ইসলাম, ইনস্টিটিউট অব ইনফরমেটিকস অ্যান্ড ডেভেলপমেন্ট (IID)-এর প্রধান নির্বাহী সাঈদ আহমেদ এবং রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম

তিন দিনব্যাপী এই ক্যাম্পের মূল লক্ষ্য তরুণদের বিজ্ঞানচর্চায় উৎসাহিত করা এবং গবেষণামুখী শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করা