নিজস্ব প্রতিবেদক | ফেনী |

ফেনী শহরে মোটরসাইকেল চুরির ঘটনা যেন দিন দিন উদ্বেগজনক হারে বেড়েই চলেছে। সর্বশেষ গতকাল (২৮ জুন) ভোররাতে শহরের গোবিন্দপুর কোয়ার্টার এলাকায় একটি গ্যারেজ থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে চুরির পর মোটরসাইকেল ফেরত দেওয়ার বিনিময়ে ৩০ হাজার টাকা দাবি করার কথাও উল্লেখ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ফেনী পৌরসভার গোবিন্দপুর কোয়ার্টার এলাকার বাসিন্দা রিয়াদ (৩৪) প্রতিদিনের মতো শনিবার (২৭ জুন) রাতে তার ব্যবহৃত ইয়ামাহা ব্র্যান্ডের মোটরসাইকেলটি বাসার নিচতলার গ্যারেজে রেখে ঘুমাতে যান। গতকাল রোববার (২৮ জুন) ভোর আনুমানিক ৩টা ৩৭ মিনিটের দিকে দুর্বৃত্তরা গ্যারেজে প্রবেশ করে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়।

পরে সকালে ঘুম থেকে উঠে গ্যারেজে গিয়ে মোটরসাইকেলটি না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করেন তিনি। এরপর বাসার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুই ব্যক্তিকে মোটরসাইকেলটি নিয়ে যেতে দেখা যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার কিছু সময় পর একটি মোবাইল নম্বর থেকে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করে মোটরসাইকেলটি ফেরত দেওয়ার শর্তে ৩০ হাজার টাকা দাবি করা হয়। টাকা দিলে ১৫ মিনিটের মধ্যে মোটরসাইকেলের অবস্থান জানিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়।

এ ঘটনায় ভুক্তভোগী ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করে মোটরসাইকেল উদ্ধার এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এদিকে, স্থানীয়দের অভিযোগ, ফেনী শহরে প্রায়ই মোটরসাইকেল চুরি, ছিনতাই ও চাঁদাবাজির মতো ঘটনা ঘটলেও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়। তাদের দাবি, প্রতিনিয়ত এমন ঘটনা ঘটায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখতে পারছে না।