
পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনে প্রবেশের সময় ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার (১৩ জুলাই) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঈশ্বরদী লোকোমোটিভ ডিজেল কারখানা থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। দ্রুত লাইনচ্যুত বগি সরিয়ে রেললাইন সচল করার চেষ্টা চলছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) মোশাররফ হোসেন ভূঁইয়াকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।






