বিশেষ প্রতিনিধি দাউদকান্দি (কুমিল্লা) :
কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানে ডাকাতি, চুরি, মারামারি ও বিভিন্ন মামলার ৯ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নির্দেশনায় গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলামের নেতৃত্বে চট্টগ্রামের হাটহাজারী এবং কুমিল্লার বুড়িচং, সদর দক্ষিণ ও কোতোয়ালি থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় চুরি ও ডাকাতি মামলার ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে আলাউদ্দিন (৩০), আনিছ (২৯), আলী আক্কাস (৩৫), সুমন (৩০), রবিউল আওয়াল (৩৭) ও করিম ওরফে আব্দুল মতিন (২৯)। পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে দুজন গৌরীপুর বাজার ও সুনামগঞ্জে সংঘটিত স্বর্ণ চুরির ঘটনায় জড়িত। এছাড়া আলাউদ্দিনের বিরুদ্ধে ২১টি এবং আনিছের বিরুদ্ধে ১৭টিসহ বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।

অন্যদিকে, এসআই মনির হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে মারামারি মামলার আসামি মো. আলম (৫৫) ও ফাতেমা বেগম (৪৫) নামে দুইজনকে জিংলাতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া এসআই রবিউল ইসলামের নেতৃত্বে পৃথক অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. রুবেল (২৬)-কে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে শনিবার (১১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দী এলাকায় মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে স্থাপিত পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে মো. মোজাহিদ (২৬) নামে এক যুবককে ২০ কেজি গাঁজাসহ আটক করা হয়। আটক মোজাহিদের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলায়।

দাউদকান্দি মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ও আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।