প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের আয়োজনে ‘মেট্রো প্রজেক্ট বৃত্তি পরীক্ষা ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) টাঙ্গাইলের কালিহাতি উপজেলার স্থানীয় অফিস প্রাঙ্গণে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল ইসলাম। উদ্বোধক ছিলেন সৈয়দ মহসীন হাবীব সবুজ। এছাড়া উপস্থিত ছিলেন কালিহাতি থানা অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান, প্রোজেক্ট ইনচার্জ মো. কাশেম মিয়া, ডিএমডি মো. জাহিদুল আলম ভূঁইয়া ও ব্যবস্থাপক মো. মিজানুর রহমান।

কালিহাতি উপজেলার ১১টি প্রাথমিক ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। মোট প্রায় ৩৫০ জন শিক্ষার্থী অংশ নেন, যার মধ্যে ৭৫ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেন।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ ও আর্থিক অনুদান তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ গ্রামীণ শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব জাগিয়ে তুলবে এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।









