
পিরোজপুর প্রতিনিধি।
পিরোজপুর-মঠবাড়িয়া সড়কের সাফা এলাকায় একটি বেইলি ব্রিজ ধসে আলুবোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে। বুধবার (১০ জুন) সকালে দেবীপুর ফাজিল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলু বহনকারী ট্রাকটি ব্রিজের ওপর উঠার পর হঠাৎ ব্রিজের একটি অংশ ধসে পড়ে। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচের খালে পড়ে যায়। দীর্ঘদিন ধরে ব্রিজটির ধারণক্ষমতার চেয়ে বেশি ওজনের যানবাহন চলাচল করছিল বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
ঘটনার পর ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। বিকল্প পথ ব্যবহার করতে হওয়ায় সাধারণ যাত্রী ও পরিবহন চালকদের দুর্ভোগে পড়তে হচ্ছে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরই ঘটনাস্থলে প্রকৌশলীদের পাঠানো হয়েছে। ব্রিজটির ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে দ্রুত সংস্কার ও যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।






