নিজস্ব সংবাদদাতা | ঢাকা

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আনা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগটিকে হাইপার প্রোপাগান্ডার অংশ হিসেবে উল্লেখ করেন।

শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর বনানীতে প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে তার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, “ওয়ান-ইলেভেন ও আওয়ামী লীগ সরকারের সময় শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন আরাফাত রহমান কোকো। সেই নির্যাতনের ফলেই তিনি অকালে মৃত্যুবরণ করেন।”

তারেক রহমানের নির্বাচনি কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমান উত্তরবঙ্গ সফর স্থগিত করেছিলেন। পরে নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম ও আচরণবিধি অনুসরণ করেই তিনি প্রচারণা চালান।”

বিএনপির এই নেতা আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বগুণ ও বক্তব্যে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। এসব অপপ্রচার করে তারা রাজনৈতিকভাবে ফায়দা লুটতে চাচ্ছে।”

রুহুল কবির রিজভী দাবি করেন, তারেক রহমান সব সময় সাংবিধানিক ও আইনগত কাঠামোর মধ্যেই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো ভিত্তি নেই।