দেশ বাঁচাতে দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “আর বিভাজন করবেন না, আর কোনো দাবি তুলে বিভেদ তৈরি করবেন না। গণভোট বা পিআর নিয়ে আন্দোলন নয়—এখন দরকার নির্বাচন। দেশের মানুষকে বাঁচাতে দ্রুত ভোট হতে দিন।”
বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়নবাসীর সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
পিআর পদ্ধতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “পিআর পদ্ধতি এখনো সাধারণ মানুষ বোঝে না। যে পদ্ধতি মানুষ বোঝে না, তা দিয়ে প্রতিনিধি নির্বাচন সম্ভব নয়। আমি নিজেই পিআর পুরোপুরি বুঝি না। তাই পিআরের দাবি আগে নয়—আগে নির্বাচন হোক, মানুষ অস্থিরতা থেকে মুক্তি পাক। সাধারণ মানুষ ভোট দিতে চায়, তাদের সেই অধিকার ফিরিয়ে দিতে হবে।”
জনগণের উদ্দেশে মির্জা ফখরুল আরও বলেন, “আমরা অতীতে সরকারে ছিলাম, তাই জানি সরকার পরিচালনা করতে হয় কিভাবে। বিএনপি নির্বাচিত হলে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রতিটি পরিবারকে দেওয়া হবে ফ্যামিলি কার্ড, আর স্বাস্থ্য ও শিক্ষা খাতকে দেওয়া হবে সর্বোচ্চ গুরুত্ব।”
বিএনপি মহাসচিবের মতে, বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হলো দ্রুত, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন, যেখানে জনগণের ভোটেই নির্ধারিত হবে দেশের ভবিষ্যৎ।









