পুঁজিবাজার প্রতিবেদক
ব্যবসা সহায়ক পরিবেশ নিশ্চিতের জন্য রাজনৈতিক সদিচ্ছা ও ঐকমত্যের ওপর জোর দিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অংশগ্রহণকারী ব্যবসায়ীরা।
গতকাল মঙ্গলবার রাজধানীর মতিঝিলে ডিসিসিআই মিলনায়তনে সংগঠনের ৬৪তম এজিএম অনুষ্ঠিত হয়।
ডিসিসিআইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের সভাপতি তাসকীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে ঊর্ধ্বতন সহসভাপতি রাজিব এইচ চৌধুরী, সহসভাপতি মো. সালিম সোলায়মান, পরিচালনা পর্ষদের সদস্য, সাবেক নেতা এবং সদস্যভুক্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
সূচনা বক্তব্যে তাসকীন আহমেদ বলেন, ২০২৫ সালে বৈশ্বিক বাণিজ্যকে কেন্দ্র করে ভূরাজনৈতিক অস্থিরতা ও সংকট, শুল্কহার বৃদ্ধি, সহায়ক রাজস্ব ব্যবস্থাপনার অনুপস্থিতি, সংকোচনমুখী মুদ্রানীতি, স্থবির বিনিয়োগ, দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি, অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশের অস্থিতিশীলতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং চলমান জ্বালানি সংকটের কারণে অর্থনীতি বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় অন্তর্বর্তী সরকারের গৃহীত বেশ কিছু পদক্ষেপের ফলে সামগ্রিক পরিস্থিতিতে কিছুটা ইতিবাচক প্রবণতা পরিলক্ষিত হলেও ব্যবসা পরিচালনায় সহায়ক পরিবেশ নিশ্চিত করতে সুশাসন, রাজনৈতিক সদিচ্ছা এবং যুগোপযোগী নীতিমালা ও বাস্তবায়নের বিকল্প নেই।









