
পুঁজিবাজার প্রতিবেদক : দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এক কর্মীর মৃত্যুর পর গোষ্ঠী তাকাফুল সুবিধার আওতায় ৪ লাখ টাকার মৃত্যু দাবির চেক হস্তান্তর করেছে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান পৃষ্ঠপোষক জসীম উদ্দীন, মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (দাবি বিভাগ) মোহাম্মদ আনিসুর রহমান সুমন, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদী খানমের কাছে দাবিকৃত ৪ লাখ টাকার চেক হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গোষ্ঠী তাকাফুল কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আর্থিক সুরক্ষা ব্যবস্থা। কর্মজীবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বা মৃত্যুর ঘটনায় এ ধরনের সুরক্ষা সুবিধা সংশ্লিষ্ট পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখে। একই সঙ্গে এটি প্রতিষ্ঠানের প্রতি কর্মীদের আস্থা ও নিরাপত্তাবোধ বৃদ্ধি করে।
দেশ জেনারেল ইন্স্যুরেন্সের পক্ষ থেকে দ্রুত ও আন্তরিকতার সঙ্গে মৃত্যু দাবি নিষ্পত্তি করায় বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি দুই প্রতিষ্ঠানের মধ্যে বিদ্যমান পেশাগত ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






