মুন্সীগঞ্জ প্রতিনিধি:

ডেঙ্গুর বিস্তার রোধ এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মুন্সীগঞ্জে ব্যাপক কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (৬ জুন) জেলা প্রশাসন ও মুন্সীগঞ্জ পৌরসভার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, লিফলেট বিতরণ এবং পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম (পিপিএম), জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. নাজমা নাহার, মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে অংশগ্রহণকারীরা বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন এবং মশার প্রজননস্থল ধ্বংসে কাজ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। এ উপলক্ষে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং বাসাবাড়ি, ছাদ, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, কোথাও যাতে বৃষ্টির বা পরিষ্কার পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণই ডেঙ্গু নিয়ন্ত্রণে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে।

একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও নিরাপদ মুন্সীগঞ্জ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ ও জনসম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।