ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গ ও অসংগতির অভিযোগ করেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদ।
মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটে উদয়ন স্কুল কেন্দ্রে এসে সাংবাদিকদের তিনি বলেন, “নির্বাচনে আমরা বেশ কিছু অসংগতি লক্ষ্য করছি। বুথের ১০০ মিটারের মধ্যে লিফলেট বিতরণে নিষেধাজ্ঞা থাকলেও ছাত্রদলের পক্ষ থেকে নিয়ম ভেঙে তা অব্যাহতভাবে করা হচ্ছে। এতে লাইনে দাঁড়ানো ভোটাররাও বিরক্ত হচ্ছেন।”
তিনি অভিযোগ করেন, বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বরং কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে।
এ সময় ফরহাদ বলেন, “ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। তাই আমি আহ্বান জানাই, সবাই অবশ্যই ভোটকেন্দ্রে আসুন এবং আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিন।”









