স্টাফ রিপোর্টার:
জাতীয় পার্টির কার্যালয়ে হামলার ঘটনার প্রতিবাদ জানিয়েছে বিএনপি। এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দলটির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
শনিবার (৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, “জাতীয় পার্টি একটি গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন। কখনোই সন্ত্রাসে বিশ্বাসী নয়। তবুও আমাদের ওপর বারবার হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ চালানো হচ্ছে। এ অবস্থায় বিএনপি প্রতিবাদ জানিয়েছে—এ জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আশা করি, ভবিষ্যতেও রাজনৈতিক দলগুলো যে কোনো অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে একে অপরের পাশে দাঁড়াবে।”
হামলার ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, “আমাদের দফতরে ধারাবাহিকভাবে যে হামলা ও ভাঙচুর চলছে, তা কেবল একটি দলের ওপর আঘাত নয়; বরং দেশের গণতান্ত্রিক ব্যবস্থা, রাজনৈতিক সহনশীলতা এবং আইনের শাসনের ওপর সরাসরি আঘাত।”
তিনি অভিযোগ করেন, এসব নাশকতায় জড়িতরা দেশকে অস্থিতিশীল ও অরাজকতার দিকে ঠেলে দিচ্ছে। সরকারের দায়িত্ব হলো সব রাজনৈতিক দলের কার্যালয় ও সাধারণ নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু এ ক্ষেত্রে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলেও দাবি করেন তিনি।
আনিসুল ইসলাম মাহমুদ বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা দিতে তারা অক্ষম প্রমাণিত হয়েছে। এমন পরিস্থিতিতে মনে হয় দেশে কার্যত কোনো সরকার নেই।”
তিনি সতর্ক করে বলেন, “আইন-শৃঙ্খলার এই অবনতির ধারা চলতে থাকলে আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হওয়া সম্ভব হবে না। অসাধু চক্র দেশকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে, আর সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে—এটি জাতির জন্য অশনি সংকেত।”
জাতীয় পার্টি কোনো ষড়যন্ত্র বা দমননীতির মুখে দমবে না উল্লেখ করে তিনি বলেন, “আমরা পল্লীবন্ধু এরশাদের আদর্শ বুকে ধারণ করে এবং জনগণের ভালোবাসায় উজ্জীবিত হয়ে গণতন্ত্র, শান্তি ও উন্নয়নের জন্য শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।”









