নিজস্ব সংবাদদাতা | ঢাকা

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তুলতে দেশের ২৩৮টি সংসদীয় আসনে নিজেদের ‘গণভোটের প্রার্থী’ ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এসব প্রার্থী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করলেও মাঠপর্যায়ে গিয়ে গণভোটের পক্ষে সক্রিয় প্রচারণা চালাবেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে অবস্থিত এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, “গণভোটের প্রচারণা এবং ‘হ্যাঁ’-কে জয়যুক্ত করার লক্ষ্যে এনসিপি দেশব্যাপী সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করছে। আমাদের প্রত্যাশা, গণমাধ্যম এই কার্যক্রমগুলো কাভার করবে এবং দেশের মানুষের কাছে বার্তাটি পৌঁছে দেবে।”

তিনি জানান, দেশের ২৭০টি সংসদীয় আসনের মধ্যে যেসব আসনে এনসিপির জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী নেই, সেসব এলাকায় গণভোটের বার্তা পৌঁছে দিতে দলটি ‘গণভোটের প্রার্থী’ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এর অংশ হিসেবেই প্রথম ধাপে ২৩৮টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে

আসিফ মাহমুদ আরও বলেন, “আমরা লক্ষ্য করছি, গণভোট নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে—যেমন ব্যালটে বিসমিল্লাহ থাকবে না ইত্যাদি। এসব গুজব প্রতিহত করতে এবং প্রান্তিক জনগোষ্ঠীসহ গ্রাম-গঞ্জের মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে মাঠপর্যায়ে সরাসরি কাজ করা জরুরি।”

তিনি জানান, ঘোষিত প্রার্থীরা সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না; বরং তারা ঘরে ঘরে গিয়ে গণভোটের উদ্দেশ্য, গুরুত্ব এবং ‘হ্যাঁ’ ভোটের যৌক্তিকতা জনগণের সামনে তুলে ধরবেন। এর মাধ্যমে রাজনৈতিক সংস্কার ও গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার লক্ষ্যে জনসমর্থন আদায়ই হবে তাদের মূল লক্ষ্য।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এনসিপির নেতাকর্মীরা দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় গিয়ে শাপলা কলি প্রতীক এবং ১০ দলীয় ঐক্যের প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাবেন।

এছাড়া এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জানান, গণভোট ও নির্বাচনী প্রচারণাকে আরও গতিশীল করতে শনিবার বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পায়রা চত্বরে দলের নির্বাচনী থিম সং এবং গণভোটের জন্য নির্মিত পৃথক থিম সং প্রকাশ করা হবে। অপরদিকে, দলের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় জাদুঘরের সামনেও একটি থিম সং প্রকাশ কর্মসূচি আয়োজনের প্রস্তুতি রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, মুখ্য সমন্বয়কারী তারিকুল ইসলামসহ দলের কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

-দৈনিক পুঁজিবাজার