রাজধানীর খিলগাঁও নন্দীপাড়া তিতাস রোডে মোহাম্মদ নাফিস (৩৩) নামে এক যুবককে গুলি করে মোটরসাইকেল ও দুইটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় আহত নাফিস বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রবিবার (১২ অক্টোবর) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আহত নাফিসের বাবা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক জানান, “আমার ছেলে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। আমরা দক্ষিণ বনশ্রী এলাকায় থাকি। রাতে নাফিস তার এক বন্ধুকে যাত্রাবাড়ীতে নামিয়ে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরছিল। পথে খিলগাঁওয়ের নন্দীপাড়া তিতাস রোডে তিনজন ছিনতাইকারী রাস্তায় ব্যারিকেড দেয়।”

তিনি আরও বলেন, “ছিনতাইকারীরা নাফিসের মোটরসাইকেলের গতিরোধ করে এবং তার সঙ্গে ধস্তাধস্তি শুরু করে। এক পর্যায়ে তারা পিস্তল দিয়ে নাফিসের বাম পায়ের হাঁটুর নিচে গুলি করে। পরে মোটরসাইকেল, দুইটি মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে আমরা প্রথমে তাকে ফরজী হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেলে নিয়ে যাই।”

আবু বক্কর সিদ্দিক আরও জানান, এ ঘটনায় খিলগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, “খিলগাঁও এলাকায় ছিনতাইকারীর গুলিতে আহত এক যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি খিলগাঁও থানা পুলিশকে জানানো হয়েছে।”