অনলাইন ডেস্ক

কুষ্টিয়ার খোকসা উপজেলায় যাত্রীবাহী বাস ও ড্রামট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ২০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।

শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের খোকসা উপজেলার শিমুলিয়া দক্ষিণ কুঠিপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটি পাশের একটি পুকুরে পড়ে যায়।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে পাংশাগামী একটি ড্রামট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা রাজবাড়ীগামী যাত্রীবাহী বাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। আহতদের মধ্যে অন্তত ১০ থেকে ১৫ জনের অবস্থা গুরুতর।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।