টাঙ্গাইলের কালিহাতীতে বাক ও শ্রবণ প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে সদ্য বহিষ্কৃত এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন ইসমাইল হোসেন (৫৫), টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের আব্দুল হামিদের ছেলে। তিনি ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
র্যাব সূত্রে জানা যায়, সোমবার (১৩ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল এলাকা থেকে ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৪ এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার কাওছার বাঁধন সোমবার রাতে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী তরুণীর বাবা গত বৃহস্পতিবার কালিহাতী থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামি পলাতক ছিলেন।
কাওছার বাঁধন আরও বলেন, “ঘটনাটি ব্যাপক আলোচিত হলে র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে দেলদুয়ার থেকে ইসমাইলকে গ্রেপ্তার করা হয়।”
উল্লেখ্য, ধর্ষণের ঘটনা জানাজানি হওয়ার পর গত শুক্রবার (১০ অক্টোবর) জেলা বিএনপি ইসমাইল হোসেনকে দল থেকে বহিষ্কার করে।
র্যাব জানায়, ভুক্তভোগী তরুণী বর্তমানে প্রায় ছয় মাসের অন্তঃসত্ত্বা।









