‎রাজশাহীতে আইইবি’র উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত

‎রাজশাহী প্রতিনিধি :

‎দেশীয় মৌসুমি ফলের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি এবং নিরাপদ খাদ্যাভ্যাস সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), রাজশাহী কেন্দ্রের উদ্যোগে ‘ফল উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।


‎রোববার বিকেলে আইইবি রাজশাহী কেন্দ্রের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
‎উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, দেশীয় মৌসুমি ফল পুষ্টিগুণে সমৃদ্ধ এবং সুস্থ জীবনধারা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিরাপদ খাদ্যাভ্যাস নিশ্চিত করতে এবং দেশীয় ফলের উৎপাদন ও ব্যবহারে জনসচেতনতা বাড়াতে এ ধরনের আয়োজন অত্যন্ত সময়োপযোগী। একই সঙ্গে এ উদ্যোগ দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


‎আইইবি রাজশাহী কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী সরদার আনিছুর রহমান রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইইবির ভাইস চেয়ারম্যান (অ্যাডমিন) মো. মনিরুজ্জামান মনির, ভাইস চেয়ারম্যান (একাডেমি) প্রকৌশলী আব্দুর রশীদ এবং সম্মানীয় সম্পাদক প্রফেসর ড. মো. রবিউল ইসলাম।
‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মোশাররফ হোসেন, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল হোসেন, আইইবির জ্যেষ্ঠ প্রকৌশলী, করপোরেট সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট অতিথিরা।
‎অনুষ্ঠিানে দেশীয় মৌসুমি ফলের প্রদর্শনী, ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতামূলক আলোচনা এবং অংশগ্রহণকারীদের মধ্যে ফল বিতরণের মাধ্যমে উৎসবের আয়োজন সম্পন্ন হয়। উপস্থিত অতিথিরা এ ধরনের উদ্যোগকে জনস্বাস্থ্য ও দেশীয় কৃষিপণ্যের প্রসারে ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।