ম্যাচের আগে একাদশ প্রকাশ করা এক রীতিতে পরিণত করেছে ইংল্যান্ড। বুধবার (১০ জুলাই) লর্ডসে অনুষ্ঠিত হতে যাওয়া ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টের আগেই একাদশ প্রকাশ করেছে থ্রি লায়ান্সরা। যেখানে প্রথমবারের মতো টেস্ট ক্রিকেট জায়গা পেয়েছেন দুই ইংলিশ ক্রিকেটার গাস অ্যাটকিনসন এবং জেমি স্মিথ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের মধ্য দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন। তার বিদায়ী টেস্টে ইংল্যান্ড দলে অভিষেক হচ্ছে দুই ক্রিকেটারের।
ইংল্যান্ডের হয়ে সাদা বলে ১২টি ম্যাচ খেলেছেন গাস অ্যাটকিনসন। তবে টেস্টে এখনও খেলার সুযোগ পাননি তিনি। এর আগে ভারতের বিপক্ষে টেস্টে দলে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। তবে এবার তো একাদশেই জায়গা পেয়ে গেলেন কাউন্টিতে সারের হয়ে খেলা এই পেসার।
এদিকে সারের আরেক ক্রিকেটার জেমি স্মিথও প্রথমবারের মতো ইংল্যান্ডের টেস্ট দলে জায়গা পেয়েছেন। দীর্ঘদিন ধরে ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে উইকেটরক্ষক হিসেবে দেখা গিয়েছে বেন ফোকস এবং জনি বেয়ারস্টোরকে। এবার ইংল্যান্ডের টেস্ট দলে নতুন উইকেটরক্ষকের দেখা মিলবে।
ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম টেস্টে একাদশে রয়েছেন ক্রিস ওকস, শোয়েব বশির, জো রুটরা। ভারত সফর মিস করা ইংলিশ ব্যাটসম্যান হ্যারি ব্রুকসকেও রাখা হয়েছে একাদশে।
ইংল্যান্ড একাদশ
জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ, ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, শোয়েব বাশির, জেমস অ্যান্ডারসন।









