স্পোর্টস ডেস্ক, অনলাইন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে চট্টগ্রামে ডিবি পুলিশের পরিচয়ে মারধর ও হেনস্থার অভিযোগে দেশের ক্রিকেটাঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), ক্রিকেটারদের সংগঠন বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব) এবং জাতীয় দলের একাধিক ক্রিকেটার নাঈমের পাশে দাঁড়িয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানিয়েছেন।

শুক্রবার রাতে চট্টগ্রামে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, ক্রিকেটার পরিচয় দেওয়ার পরও নাঈমকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে।

এক বিবৃতিতে বিসিবি জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের মাধ্যমে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে ঘটে যাওয়া হয়রানি ও হেনস্থার ঘটনায় বোর্ড গভীর উদ্বেগ প্রকাশ করছে। বিসিবি বলেছে, একজন জাতীয় ক্রীড়াবিদের সঙ্গে এমন আচরণ অত্যন্ত দুঃখজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিসিবির ভাষ্য অনুযায়ী, বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে বোর্ড নাঈম ও তার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং চট্টগ্রামের সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিষয়টির সমাধানে কাজ করছে।

নাঈমের প্রতি সংহতি জানিয়ে জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, নাঈমের সঙ্গে যা ঘটেছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে বলেন, এ ঘটনা তাকে ব্যথিত ও লজ্জিত করেছে।

ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজও ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, একজন জাতীয় ক্রিকেটারের সঙ্গে এমন আচরণ দেশের ক্রীড়াঙ্গনের মর্যাদার ওপর আঘাত। তিনি দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাসও নাঈমের প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, তার সঙ্গে যা ঘটেছে তা অত্যন্ত উদ্বেগজনক ও হৃদয়বিদারক। একই সঙ্গে পেসার তাসকিন আহমেদ, স্পিনার তাইজুল ইসলামসহ আরও অনেক ক্রিকেটার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন।

এদিকে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন নাঈমের সঙ্গে কথা বলে তাকে আশ্বস্ত করেছেন যে দেশের সব ক্রিকেটার তার পাশে রয়েছে। সংগঠনটির পক্ষ থেকেও ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত বিচার দাবি করা হয়েছে।

উল্লেখ্য, নাঈম হাসান বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেকে সর্বকনিষ্ঠ বয়সে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্বের অধিকারী। এখন পর্যন্ত ১৪টি টেস্ট ম্যাচে তিনি ৪৮টি উইকেট শিকার করেছেন। আগামীতে জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের টেস্ট দলে তার থাকার সম্ভাবনা রয়েছে।