
অনলাইন ডেস্ক
ভারতের আসাম রাজ্যের জোরহাট বিমানঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর একটি এএন-৩২ পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে অবতরণের সময় বিমানঘাঁটির ভেতরেই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই উদ্ধার অভিযান শুরু করা হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে এবং পরিস্থিতি মোকাবিলায় জরুরি সেবা ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।
ভারতীয় বিমানবাহিনী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে বিমানবাহিনী।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এক বিবৃতিতে তিনি বলেন, জোরহাটে বিমানবাহিনীর পরিবহন বিমান দুর্ঘটনার খবর পাওয়া গেছে এবং বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।
ভারতীয় বিমানবাহিনীর অন্যতম নির্ভরযোগ্য পরিবহন বিমান হিসেবে পরিচিত Antonov An-32। সোভিয়েত ইউনিয়নে ভারতের প্রয়োজন অনুযায়ী তৈরি করা এই টুইন-ইঞ্জিন টার্বোপ্রপ বিমানটি প্রতিকূল আবহাওয়া ও দুর্গম অঞ্চলে পরিচালনার জন্য বিশেষভাবে উপযোগী।
বর্তমানে ভারতীয় বিমানবাহিনীর বহরে প্রায় ১০০টি এএন-৩২ বিমান রয়েছে। এসব বিমান সর্বোচ্চ সাড়ে সাত টন মালামাল, ৫০ জন যাত্রী অথবা ৪২ জন প্যারাট্রুপার বহন করতে সক্ষম। বিশেষ করে পাহাড়ি ও দুর্গম এলাকায় সামরিক রসদ পরিবহনে এ বিমান ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের মার্চে আসামের কার্বি আংলং জেলায় ভারতীয় বিমানবাহিনীর একটি Sukhoi Su-30MKI যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হন। সেই ঘটনার কয়েক মাসের মধ্যেই আবারও আসামে বিমানবাহিনীর একটি বিমান দুর্ঘটনার শিকার হলো।






