পুঁজিবাজার প্রতিবেদক
অনলাইন জুয়া-সংক্রান্ত অবৈধ আর্থিক লেনদেন বন্ধে দেশের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে জরুরি পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের নির্দেশনা অনুযায়ী সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক ১৩টি এমএফএস অপারেটরকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে।
চিঠিতে বাংলাদেশ ব্যাংক সন্দেহজনক অ্যাকাউন্টগুলোর একটি তালিকা প্রণয়ন, টাস্কফোর্স গঠন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–ভিত্তিক স্বয়ংক্রিয় মনিটরিং ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছে। পাশাপাশি জুয়া-সংক্রান্ত অভিযোগ গ্রহণের জন্য একটি পাবলিক রিপোর্টিং পোর্টাল ও হেল্পলাইন খোলার ব্যবস্থাও করতে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অবৈধ অনলাইন জুয়া লেনদেন রোধে প্রতিষ্ঠানগুলোকে কঠোর নজরদারি চালাতে হবে। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক আগামী ৬ নভেম্বর সাতটি এমএফএস অপারেটরের সঙ্গে বৈঠক করবে। বৈঠকে চলমান নিয়ন্ত্রণ ব্যবস্থা, মনিটরিং সক্ষমতা ও প্রয়োজনীয় সহায়তা নিয়ে আলোচনা করা হবে।









