পুঁজিবাজার অনলাইন ডেস্ক

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে মালেকের বাড়ি এলাকায় অবস্থিত ম্যাট্রিক্স স্টাইলস নামের একটি পোশাক কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ১১টার দিকে কারখানাটির সপ্তম তলায় আগুন লাগে।

খবর পেয়ে গাজীপুর ও ভোগরা বাইপাস মডার্ন ফায়ার সার্ভিসের মোট ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

কারখানা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভবনের ওপরের তলার দক্ষিণ পাশে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে প্রথমে ভোগরা বাইপাস ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। পরবর্তীতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় গাজীপুর ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট যুক্ত হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুন তুলনামূলক ছোট পরিসরে ছিল এবং দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। যাতে বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে, সে বিষয়ে সতর্কভাবে কাজ করা হয়েছে।

তিনি আরও জানান, আগুনে কারখানার কিছু পোশাক, মেশিনারিজ এবং গার্মেন্টসের ঝুট পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে।